মফিজুল ইসলাম: কুমিল্লার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সংসদ সদস্য
মফিজুল ইসলাম: কুমিল্লার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সংসদ সদস্য
কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশের কুমিল্লা জেলার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মফিজুল ইসলাম (১৯২৬–১৯৯১) ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১৯২৬ সালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বন্দে আলী মিয়া এবং মাতা আতারুন্নেসা। শিক্ষাজীবনে তিনি ইউসুফ বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি চট্টগ্রামের আবু তোরাব হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পরবর্তীতে চট্টগ্রাম সিটি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৪৬ সালে চট্টগ্রাম জেলা মুসলিম ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৫০ সালে পূর্ব পাকিস্তান যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি সাংবাদিকতাতেও যুক্ত ছিলেন। লাহোর থেকে প্রকাশিত ‘দি পাকিস্তান টাইমস’-এর চট্টগ্রাম সংবাদদাতা হিসেবে কাজ করেন। এছাড়া ১৯৫২ সালে তিনি ঢাকায় ‘আমার দেশ’ নামের একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন।
১৯৫৭ সালে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির কুমিল্লা জেলা সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলেও ১৯৭৯ সালে ন্যাপের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর নিজ জন্মস্থান কুমিল্লার বুড়িচং এলাকায় তাঁকে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় সংসদ
- The Election Archives (Shiv Lal, 1981)
- কুমিল্লার কাগজ (২০১৯)
- Banglapedia

No comments